Saturday, 30 April 2016

“বড় দুর্নীতি”, সিভিক পুলিশ নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

সিভিক পুলিশ নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের রাজ্যে সিভিক পুলিশ নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সিভিক পুলিশ নিয়োগে ৯ মে পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন। সিভিক পুলিশ নিয়োগ নিয়ে স্থগিতাদেশ দেওয়ার আগে বিচারপতি বলেন, এটা একটা বড় দুর্নীতি।

২০১৩ সালে রাজ্যজুড়ে ১ লাখ ২০ হাজার সিভিক পুলিশ নিয়োগের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই অনুযায়ী প্রার্থীদের প্যানেল তৈরি করে রাজ্য সরকার। এরপর ওই প্যানেলে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ করে হাইকোর্টে মামলা করেন বাঁকুড়ার ১০ চাকরি প্রার্থী।

তাঁদের অভিযোগ, প্যানেল তৈরির আগে রাজ্য সরকার কোনও লিখিত পরীক্ষা নেয়নি। ফলে ওই প্যানেলে অস্বচ্ছতা রয়েছে।

আজ মামলার শুনানির সময় সিভিক পুলিশ নিয়োগকে বড় দুর্নীতি বলে মন্তব্য করেন বিচারপতি। সিভিক পুলিশ নিয়োগ নিয়ে ৯ মে-র আগে রাজ্য সরকারকে হলফনামা দিতে নির্দেশ দেন তিনি। এই মামলার পরবর্তী শুনানি ৯ মে।
source-http://bangla.eenaduindia.com/